

সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করছেন মাও: মুজাম্মিল হক তালুকদার।
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার। সম্প্রতি জামায়াতে ইসলামীর প্রার্থীকে জোটের সমর্থন দেওয়ার খবরকে ‘প্রতারণা’ ও ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে আজ এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন।
সংবাদ সম্মেলনে মাওলানা মুজ্জাম্মিল হক বলেন, তিনি জোটের মনোনীত প্রার্থী হিসেবে শুরু থেকেই ‘বই’ প্রতীক নিয়ে গণসংযোগ ও পথসভা করে আসছেন। তবে হঠাৎ করেই অনলাইনে প্রচারিত সংবাদে দেখা যায়, গতকাল সিলেটে এক জনসভায় জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদকে সুনামগঞ্জ-১ আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দিয়েছেন। একে জোটের সিদ্ধান্তের পরিপন্থী বলে দাবি করেন তিনি।
মাওলানা মুজ্জাম্মিল তার বক্তব্যে উল্লেখ করেন:
ভোটারদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন,
”আমি ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে ১২ তারিখ পর্যন্ত ভোটের মাঠে আছি এবং ইনশাআল্লাহ থাকবো। যারা জোটের সাথে প্রতারণা করে মাঠে আছে, জনগণ বই মার্কায় ভোট দিয়ে তাদের উপযুক্ত জবাব দেবে।”
১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার সাংবাদিকদের আরও বলেন,তিনি ২৪ গণ অভ্যূত্থানের পর জুলুমের শিকার হবেন সেটা কাম্য ছিলনা। তিনি ক্ষোভের সাথে আরও বলেন,একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য লড়াই করে কেনো আমি বঞ্চনার স্বীকার হবো? বাংলাদেশ জামায়াতে-ইসলামী তার প্রতি অন্যায় করেছে। তিনি এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন,আপনারা জাতির বিবেক। আপনারাই বলেন আমি জুলুমের শিকার হয়েছি কি-না?
নির্বাচনের আগমুহূর্তে জোটের দুই শরিক দলের এমন পাল্টাপাল্টি অবস্থানে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। একদিকে জামায়াতে ইসলামী তোফায়েল আহমদকে চূড়ান্ত প্রার্থী দাবি করছে, অন্যদিকে নেজামে ইসলাম পার্টির মাওলানা মুজ্জাম্মিল হক মাঠ ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, তাই এখন দেখার বিষয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব,মাওলানা আলী হুসাইন,সদস্য হীরা মিয়া সহ সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।