

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ | ২৬ এপ্রিল ২০২৬
সুনামগঞ্জ সদর উপজেলার করচার হাওরে চলমান বোরো ধান কর্তন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান। আজ রোববার সকালে তিনি হাওরে উপস্থিত হয়ে কৃষকদের খোঁজখবর নেন এবং ধান কাটার অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কৃষকদের আশ্বস্ত করে বলেন, চলতি মৌসুমে ধান কাটার যন্ত্র বা হারভেস্টারের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের কোনো সংকট হবে না। প্রশাসন এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখছে যাতে কৃষকরা নিরবচ্ছিন্নভাবে ফসল ঘরে তুলতে পারেন।

আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে তিনি আসন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কথা উল্লেখ করেন। জেলা প্রশাসক কৃষকদের উদ্দেশে বলেন:
”প্রকৃতি সহায় থাকতে থাকতেই আমাদের মাঠের ফসল গোলায় তুলতে হবে। কোনোভাবেই দেরি করা যাবে না। আবহাওয়া কিছুটা প্রতিকূল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই দ্রুততম সময়ের মধ্যে পাকা ধান কেটে নিন।”
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় কৃষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কৃষকদের যেকোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধান কাটা কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন।
তথ্য/মিডিয়া সেল: