

ডেস্ক রিপোর্ট :
রাজধানীতে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে আজ শুক্রবার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে পদযাত্রাকালে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।
সকাল ১০টার পর ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে শত শত কর্মচারী শাহবাগ মোড়ে জড়ো হন। তাঁদের মূল দাবি—অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা। শাহবাগ থেকে মিছিল নিয়ে তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোতে চাইলে পুলিশ দফায় দফায় ব্যারিকেড দিয়ে তাঁদের গতিরোধ করে।
আন্দোলনকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কঠোর অবস্থানে যায়।
আন্দোলনের কারণে বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেডের মুখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও স্লোগান দিচ্ছিলেন।
”নবম পে স্কেলের সব প্রক্রিয়া সম্পন্ন হওয়া সত্ত্বেও সরকার প্রজ্ঞাপন জারি করছে না। আমরা জেনেছি একটি নির্দিষ্ট মহলের আপত্তিতে এটি আটকে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
— বোরহান উদ্দিন, আন্দোলনরত কর্মচারী।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, জনদুর্ভোগ এড়াতে তাঁদের বারবার রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁরা অনুরোধ না রাখায় এবং যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, একই সময়ে ‘ইনকিলাব মঞ্চ’ নামের আরেকটি সংগঠন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে যমুনার সামনে আগে থেকেই অবস্থান কর্মসূচি পালন করছে।