বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-কে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করতে বলা হয়েছে।
ক্রিস্টি নোয়েম বলেন, এই জঘন্য ব্যক্তিকে কখনোই আমাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া উচিত হয়নি।
পর্তুগালের নাগরিক ৪৮ বছর বয়সী ক্লদিও নেভেস ভ্যালেন্তে ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন। ওই ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং নয়জন আহত হন। এছাড়া এমআইটির একজন অধ্যাপককে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ম্যাসাচুসেটসের মার্কিন অ্যাটর্নি লিয়া বি. ফোলির বরাতে জানা যায়, ক্লদিও নেভেস ভ্যালেন্তে ২০১৭ সালে ডাইভারসিটি ভিসা বা গ্রিন কার্ড লটারি কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা অর্জন করেছিলেন।
ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় প্রতি বছর সর্বোচ্চ ৫০ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। এই কর্মসূচি মূলত সেসব দেশের নাগরিকদের জন্য, যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম।
তবে কংগ্রেসের মাধ্যমে চালু হওয়া এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।