সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বাবুল মিয়া,সুনামগঞ্জ :
সুনামগঞ্জে ৪৪৫টি পুজা মন্ডপ সহ সার্বিক নিরাপত্তা প্রদানে জেলা পুলিশ সতর্ক অবস্থানে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।
সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, গুজব প্রতিরোধ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে সিলেট রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) (ইন্টেলিজেন্স এন্ড ক্রাইম ম্যানেজমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিঃ ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন্স) নাছির উদ্দিন আহমেদ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করবে ও পাশে থাকবে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, এডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেস কুমার রায় বাপ্পী স্বাক্ষরিত পরিপত্র অনুযায়ী এবছর গত বছরের চেয়ে ২৫টি পুজা মন্ডপে বেশি পুজার আয়োজন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলেও সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়। তার পরও অনাকাঙ্খিত যেকোন পরিস্থিতি মোকাবেলায় রাখা হয়েছে পুলিশের বাড়তি নজরদারি।