[caption id="attachment_2177" align="alignnone" width="300"]
btr[/caption]
[caption id="attachment_2178" align="alignnone" width="300"]
জয়নাল আবেদীনের শিমুলবাগান:[/caption]
বাবুল মিয়া, সুনামগঞ্জ |শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬
শীতের জীর্ণতা সরিয়ে প্রকৃতিতে এখন ফাগুনের আগুন। আজ পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসের যুগলবন্দীতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরস্থ মানিগাঁও গ্রাম সেজেছে এক অপূর্ব সাজে। জয়নাল আবেদীনের প্রতিষ্ঠিত দেশের বৃহৎ শিমুল বাগান এখন লাল পাপড়ির মায়াবী আবেশে এক টুকরো স্বর্গে পরিণত হয়েছে।
বসন্তের আগমনে শিমুল বাগানের কয়েক হাজার গাছে এখন টকটকে লাল ফুলের সমারোহ। প্রতিটি পাপড়ি যেন নিজেকে উজাড় করে দিয়ে আকাশ-বাতাসকে রঙিন করে তুলেছে। শিমুল গাছের এই রক্তিম রূপ দেখে মনে হয় যেন প্রকৃতি কোনো লজ্জাবতী নববধূর রূপ ধারণ করেছে। এর সাথে যাদুকাটা নদীর স্বচ্ছ নীল জল আর তপ্ত রোদে বালুর ঝিলিক পর্যটকদের দিচ্ছে এক অনন্য প্রশান্তি। শিমুল ডালে পাখির কলতান আর কোকিলের কুহুতান বসন্ত উৎসবকে করেছে আরও মোহনীয়।
ভালোবাসা দিবস ও বসন্তবরণ উপলক্ষে আজ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমিয়েছেন এই বাগানে। কপোত-কপোতী থেকে শুরু করে পরিবার-পরিজন নিয়ে আসা সাধারণ মানুষ একে অপরকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন। নেচে-গেয়ে মেতেছেন বসন্তের উন্মাদনায়। যাদুকাটা তীরের এই লাল গালিচায় দাঁড়িয়ে স্মৃতি ধরে রাখতে ব্যস্ত সময় পার করছেন দর্শনার্থীরা।
দিনটিকে স্মরণীয় করে রাখতে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি বাগানের ছায়াতলে দিনব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গানে গানে বসন্তকে বরণ করে নেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জ প্রাকৃতিক নৈসর্গিকতার অনন্য স্থান। সুনামগঞ্জের মানুষ এমনিতেই সংস্কৃতিমনা। যেকোন আনন্দ উৎসব প্রতিটি মানুষের মধ্যে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে। আজ বসন্ত উৎসবে আপনাদের উপস্থিতি আরও সুন্দর করে তুলে এই অনুষ্ঠানকে। সবার জীবনের প্রতিটি দিন যেনো হয় অনাবিল আনন্দ মুখর সেই প্রত্যাশা করি।
বসন্তের এই রক্তিম সন্ধ্যায় যাদুকাটার তীরে আগত প্রত্যেকের মনেই ছিল নবপ্রাণের সঞ্চার। প্রকৃতি আর মানুষের এই মেলবন্ধন যেন আবারও মনে করিয়ে দিচ্ছে— "ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত।"