
রাজু আহমেদ রমজান | ১৪ জানুয়ারি, ২০২৬
বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের বিপন্ন জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় স্থানীয় জনসাধারণের সাথে সরাসরি মতবিনিময় করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।
বুধবার (১৪ জানুয়ারি) দিনভর হাওরপাড়ের বাগলী বাজার, মন্দিয়াতা হাটখোলা বাজার ও শ্রীপুর বাজারে এই পৃথক মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হয়।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন 'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম'-এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উল্লেখ্য, কর্মতৎপরতা ও জনসেবায় বিশেষ অবদানের জন্য মো. মেহেদী হাসান মানিক সম্প্রতি ‘অফিসার অব দ্যা মান্থ (ডিসেম্বর ২০২৫)’ পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রকৃতিবান্ধব হিসেবে ইতিমধ্যেই তিনি স্থানীয়দের কাছে অর্জন করেছেন সুখ্যাতি ও সুনাম।
বেলা ৩টায় বাগলী বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. শাহীন। 'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম'-এর সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও মো. মেহেদী হাসান মানিক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বিকেল ৪টায় মন্দিয়াতা হাটখোলা বাজারে আব্দুল হকের সভাপতিত্বে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় নেতৃবৃন্দ হাওরের সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেন। পরবর্তীতে সন্ধ্যা ৬টায় শ্রীপুর বাজারে উন্নয়ন ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করেন ইউএনও। এসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দুলাল কান্তি পাল ও কোষাধ্যক্ষ লিমন মাহমুদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসেবে পরিচিত তাহিরপুরে দীর্ঘদিন ধরে অবৈধ মাছ ধরা, বালু উত্তোলন ও জলাভূমি দখলের ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে ছিল। তবে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের পর থেকেই দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে।
জনগণের প্রতিক্রিয়া:
স্থানীয়রা মনে করছেন, অতীতে অনেক কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও ইউএনও মানিকের স্বচ্ছতা ও সাহসিকতা দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে টাঙ্গুয়ার হাওর তার হারানো সজীবতা ফিরে পাবে এবং এটি জীববৈচিত্র্য সংরক্ষণের একটি সফল মডেলে পরিণত হবে।