
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও দায়িত্বশীলদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে তাহিরপুর উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ আব্দুস সালাম।
ঘণ্টাব্যাপী চলা এই সভায় নির্বাচনের প্রস্তুতি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটগ্রহণের কারিগরি ও প্রশাসনিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে এবং স্ব-স্ব অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় তাহিরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনার সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
উল্লেখ্য যে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এর আগে রবিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষসহ জেলার বিভিন্ন উপজেলায় একই ধরনের প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।