নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সুনামগঞ্জে মাসব্যাপী ইবাদত ও দোয়ার অংশ হিসেবে সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে।
সুনামগঞ্জ-০৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবং আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম নুরুল-এর বিশেষ উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত দলীয় কার্যালয়ে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ এই কর্মসূচির ৩য় দিন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সকালে পবিত্র কুরআন খতমের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর উলামা দল সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় ওলামায়ে কেরামগণের উপস্থিতিতে এক বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও দেশের মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণ করা হয়।
বক্তারা বলেন, এডভোকেট নুরুল ইসলাম নুরুল-এর এই উদ্যোগ তৃণমূল নেতাকর্মীদের মাঝে ধর্মীয় আবেগ ও ঐক্য সুসংহত করছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সুনামগঞ্জ উলামা দলের সাধারণ সম্পাদক, মাও: জসিম উদ্দিন সুনামগঞ্জী, মাও: লোকমান হোসেন,মাও: জাবের আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
মাহফিলের শেষ পর্যায়ে দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে সুনামগঞ্জসহ সারা দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।