শিরোনাম: ১৭ বছরের দীর্ঘ অপেক্ষা শেষ: দেশের মাটিতে খালি পায়ে তারেক রহমান
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে এক আবেগঘন মুহূর্তে প্রিয় মাতৃভূমিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার মাটি স্পর্শ করতেই তৈরি হয় এক অন্যরকম আবহ। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি মহানুভবতার এক অনন্য নজির দেখালেন—পা থেকে জুতা খুলে খালি পায়ে স্পর্শ করলেন জন্মভূমির মাটি। পরম মমতায় এক মুঠো মাটি হাতে নিয়ে অনুভব করলেন শেকড়ের টান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে তিনি কেবল লিখেছেন, ‘খালি পায়ে দেশের মাটিতে।’ বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। বর্তমানে তিনি ৩০০ ফিট এলাকায় লক্ষাধিক নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দিতে যাচ্ছেন, যেখান থেকে তিনি সরাসরি যাবেন অসুস্থ মা বেগম খালেদা জিয়ার পাশে।